দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাড়ি বা অফিসে ইন্টারনেট ব্যবহারের জন্য রাউটার এখন প্রায় অপরিহার্য। তবে শুধু ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করলেই রাউটার পুরোপুরি নিরাপদ থাকে না। রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডও নিয়মিত পরিবর্তন করা জরুরি। এই পাসওয়ার্ড অপরিবর্তিত থাকলে রাউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে সাইবার অপরাধীরা।
ব্রডব্যান্ড জিনি পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ ব্যবহারকারী রাউটারের পূর্বনির্ধারিত অ্যাডমিন পাসওয়ার্ড কখনো পরিবর্তন করেননি। অথচ রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারলে এর বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তন করা যায়।
অনেক রাউটারে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দেওয়া পূর্বনির্ধারিত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড থাকে। এসব তথ্য অনেক সময় রাউটারের গায়ে থাকা স্টিকার, ব্যবহারবিধি বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যায়। ফলে এগুলো অপরিবর্তিত থাকলে সাইবার অপরাধীদের জন্য রাউটারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
রাউটারের নিয়ন্ত্রণ পেলে অপরাধীরা সংযুক্ত যন্ত্রগুলোর ওপর নজরদারি করতে পারে। ব্যবহারকারীকে ক্ষতিকর ওয়েবসাইটে পাঠানো, ক্ষতিকর সফটওয়্যার ছড়িয়ে দেওয়া কিংবা রাউটারকে বড় ধরনের সাইবার হামলার কাজে ব্যবহার করার মতো ঘটনাও ঘটতে পারে। এমনকি রাউটারকে নিয়ন্ত্রণে নিয়ে একাধিক যন্ত্রের সমন্বয়ে পরিচালিত সাইবার হামলার অংশ বানানো সম্ভব।
তাই রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড পরিবর্তন করা নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। সাধারণত রাউটারের নির্দিষ্ট আইপি অ্যাড্রেস, যেমন ১৯২.১৬৮.১.১ বা ১৯২.১৬৮.০.১, ব্যবহার করে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করা যায়। সেখানে গিয়ে পূর্বনির্ধারিত পাসওয়ার্ড পরিবর্তন করে শক্তিশালী নতুন পাসওয়ার্ড দিতে হবে।
নতুন পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন ব্যবহার করা ভালো। ব্যক্তিগত তথ্য বা সহজে অনুমান করা যায় এমন শব্দ এড়িয়ে চলা উচিত। কয়েকটি এলোমেলো শব্দ মিলিয়েও তুলনামূলক শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায়।
শুধু অ্যাডমিন পাসওয়ার্ড নয়, ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডও শক্তিশালী রাখা জরুরি। অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত উভয় পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত।
এ ছাড়া রাউটারের সফটওয়্যার বা ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ রাখা প্রয়োজন। কোনো নির্দিষ্ট মডেলের জন্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর নিরাপত্তা হালনাগাদ না দিলে পুরোনো রাউটার বদলে নতুন রাউটার ব্যবহারের বিষয়টিও বিবেচনা করা উচিত।
/অ